আমার স্ত্রী যতটা কাজের সমর্থক তার চেয়েও বেশি সমালোচক : পার্থ শেখ

আইকোনিক ফোকাস ডেস্কঃ দীর্ঘ প্রায় সাত মাসেরও বেশি সময় পর পর্দায় ফিরেছেন ছোট পর্দার তরুণ অভিনেতা পার্থ শেখ। তাঁর অভিনীত নতুন নাটক ‘অমর প্রেম’ মুক্তির পর থেকেই দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছেন এই অভিনেতা।

নাটকটি প্রকাশের মাত্র চার দিনের মধ্যেই প্রায় ৬২ লাখেরও বেশি দর্শক দেখেছেন। 

চলতি বছরের জানুয়ারিতে বিয়ের পর ব্যক্তিগত কারণে অভিনয় থেকে সাময়িক বিরতিতে ছিলেন পার্থ শেখ। জাহিদুল ইসলাম সুজন পরিচালিত এই নাটকের মধ্য দিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি। বিরতি শেষে নতুন উদ্যমে পর্দায় ফিরেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই অভিনেতা।

দর্শকের ভালোবাসায় উচ্ছ্বসিত

নাটকটি প্রচারের পর থেকে দর্শকের দারুণ সাড়া পেয়েছেন। ক্যারিয়ারে আগে কখনো এমন ভালোবাসা পাননি। পার্থ বললেন,  ‘বিয়ের পর একটা ছোট বিরতি নিয়েছিলাম, প্রায় সাত মাস হয়ে গেল। এখন আবার কাজে ফিরেছি।

ফিরেই সবার এত এত ভালোবাসা পাচ্ছি, যা অভাবনীয়।

সহকর্মীদের ভালোবাসায় আপ্লুত

পর্দায় ফিরেই সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন পার্থ। তাকে নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা তৌসিফ মাহবুব লেখেন, ‘পর্দা আরও এক নতুন তারকা খুঁজে পেল। অভিনন্দন, ছোট ভাই! তোমার প্রাপ্য সকল সাফল্য, ভালোবাসা আর করতালির শুভকামনা রইল।’ আরেক অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘শুভকামনা পার্থ।

সিনিয়রদের সেই ভালোবাসা সাদরে গ্রহণ করেছেন পার্থ। বললেন, ‘সিনিয়র শিল্পীদের যেকোনো কথা বা প্রশংসা আমার জন্য অমূল্য। জুনিয়রদের প্রতি তাদের এই আন্তরিকতা এবং ভালোবাসা আমাদেরকে অনেক উৎসাহিত করে। আরো অনেক শিল্পী, নির্মাতারাই আমাকে সাধুবাদ জানিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

আর নয় বিরতি, এবার পূর্ণ মনযোগে অভিনয়

বেশ লম্বা একটা বিরতি কাটিয়ে কাজে ফিরেই পার করছেন ব্যস্ত সময়। জানিয়েছেন, এখন আর কোনো বিরতিতে যাচ্ছেন না। মনযোগ দিয়ে কাজ করবেন। অভিনেতা বলেন, ‘এখন শুধু মনযোগ দিয়ে আবার নিয়মিত কাজ করে যেতে চাই। ভুলত্রুটি থাকলে সবাই সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্ত্রী সমর্থক, আবার সমালোচকও

পার্থ শেখের প্রায় সব কাজই দেখেন তার স্ত্রী। কাজ থেকে শুরু করে সবকিছুতে যেমন সাপোর্ট করেন, উৎসাহ দেন তেমনি আবার সমালোচনাও করেন। অভিনেতা বলেন, ‘ও আমার কাজকে ভীষণ সাপোর্ট করে, আবার সমালোচনাও করে। সে আমার কাজের যতটা সমর্থক তার চেয়েও বেশি সমালোচক। এটা আমার জন্যই ভালো। যেই কাজটা ভালো লাগে না কিংবা কোনো ত্রুটি দেখতে পায় তখন সঙ্গে সঙ্গেই সেটার সমালোচনা করে। আমার ত্রুটিগুলো ধরিয়ে দেয়।

নাটকের পাশাপাশি থাকছেন ওয়েবেও

ইতিমধ্যেই বেশ কিছু নাটকের কাজ নিয়ে কথা হচ্ছে বলে জানালেন পার্থ। পাশাপাশি রয়েছে ওয়েব ফিল্মের কাজও। তিনি বলেন, ‘বেশ কিছু কাজ নিয়েই কথা হচ্ছে। এরমধ্যে শিহাব শাহীন ভাইয়ার একটা ওয়েব ফিল্মে কাজ করব। একটা সমান্তরাল গল্পে, যেখানে তিনটা গল্প এক জায়গায় এসে মিলবে।’

Leave a Reply

Translate »