ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

আইকোনিক ফোকাস ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে শেয়ার করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

এর আগে শনিবার (৩ অক্টোবর) ছবিটি প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া গেছে। পরে রোববার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিটি নিজেদের পেজে শেয়ার করে মার্কিন দূতাবাস।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতা ও তাদের স্বামী-স্ত্রীদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর এ নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ওই সময় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের নিয়ে একটি বিশেষ বৈঠকেরও আয়োজন করেন মেলানিয়া ট্রাম্প। সেখানে শিশুদের কল্যাণে তার উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের ফার্স্ট লেডিদেরও এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটিই ছিল তার প্রথম ভাষণ।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও পার্শ্ববৈঠকে অংশ নেন। এসব বৈঠকে তিনি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Translate »