আইকোনিক ফোকাস ডেস্কঃ একমাত্র বিএনপিই দেশের গণতন্ত্রের বিরুদ্ধে কখনও যায়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের ওপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করে না। তবে ষড়যন্ত্রকারী, স্বৈরাচার ও রাজাকারদের জনগণ কখনো গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না।
শনিবার (৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ৩ দিনব্যাপী ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কৃষিতে যত বেশি গবেষণা হবে, দেশের খাদ্য নিরাপত্তা তত বেশি নিশ্চিত হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গবেষণা ও শিক্ষার ওপর আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, ভেটেরিনারি সায়েন্সের শিক্ষার্থীরা পড়ালেখা শেষ করার পর যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। দেশের প্রত্যেক বিভাগে একটি করে ভেটেরিনারি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
৩ দিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, প্রাণিচিকিৎসক, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।