ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চান ভূমিমন্ত্রী

আইকোনিক ফোকাস ডেস্কঃ ভূমি ব্যবস্থার আধুনিকায়ন, ওয়ান স্টপ সার্ভিস চালু ও সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ইউএনডিপিসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে যৌথ অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

রবিবার ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, ওয়ান স্টপ সার্ভিস চালু এবং সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনডিপিসহ অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে যৌথ অংশীদারিত্ব বজায় রাখা প্রয়োজন। তিনি ভূমি ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে অবহিত করেন।

ভূমিসেবা ডিজিটালাইজেশনকে বাংলাদেশের একটি অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণ ক্ষমতায়িত হয় এবং সরকারি উদ্যোগে স্বচ্ছতা বৃদ্ধি পায়।

একই সঙ্গে ভূমিসেবায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে কমে আসে।

সাক্ষাৎকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্যোগ সহনশীলতা জোরদার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের গতি বাড়াতে তিনি বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

তিনি আরো বলেন, ইউএনডিপির হয়ে বাংলাদেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়ায় আমি অত্যন্ত গর্বিত। আমি বাংলাদেশ সরকার, এ দেশের জনগণ এবং আমাদের উন্নয়ন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করতে চাই, যেন আমাদের আগের সব অর্জনগুলো চলমান থাকে এবং তার ওপর ভিত্তি করে নতুন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান তৈরি করা যায়, যা সরাসরি মানুষের কল্যাণে আসবে।

সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Translate »