আইকোনিক ফোকাস ডেস্কঃ মালয়েশিয়া সেপ্টেম্বর থেকে ৬ মাসের মধ্যে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, ঢাকার প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না। এ নিয়ে দ্রুত বিধিমালা হবে। ২ এবং ৪ সিটে ই-রিকশা নিবন্ধনের আওতায় আসবে। ৬ সিটের রিকশা নিবন্ধন পাবে না।
মীর শাহে আলম বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে আগামী ছয় মাসের মধ্যে দুই লাখ কর্মী পাঠানো হবে বলে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
দুই লাখ কর্মী মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে যাবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়া হবে। এ কার্যক্রমও সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে শুরু হবে। এ সময় পাশে থাকা প্রতিনিধি এটিকে ‘জিরো কস্ট’ হিসেবে উল্লেখ করেন
সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ায় এলএনজি সরবরাহের বিষয়ে চিঠি দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।