বিমানে হঠাৎ অসুস্থ যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

আইকোনিক ফোকাস ডেস্কঃ সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক নারী যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিমানটি ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে স্থানীয় চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৬ আগস্ট) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার পর মাঝ আকাশে ছানোয়ারা বেগম (৫৫) নামের এক যাত্রী মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উড্ডয়নরত ফ্লাইটটিকে দ্রুত নিকটবর্তী ওমানের মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

অবতরণের পর পরই দ্রুত বিমানবন্দর চিকিৎসকদের ডেকে আনা হলে তারা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বা তার মৃত্যুর মূল কারণ কী ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত নারী যাত্রীর মরদেহ ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় স্বজনদের কাছে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণের পর সেখানে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বিজি-১৩৬ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্য চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে পুনরায় রওনা হয়।

Leave a Reply

Translate »