আইকোনিক ফোকাস ডেস্কঃ ভারতের ভিসা ও অন্যান্য কনসুলার সেবার নামে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। সেখানকার কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা করছে প্রতারকচক্র।
বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, প্রতারকরা কর্মকর্তা পরিচয়ে ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে ভিসা বা কনসুলার সেবা সহজ করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি করছে।
হাইকমিশন জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ভিসা পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি করা হয়। এ ধরনের কোনো কল বা বার্তা পেলে অর্থ প্রদান বা ব্যক্তিগত ও আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি প্রতারকের ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ বিষয়টি দ্রুত হাইকমিশনকে জানানোর অনুরোধ করা হয়েছে।
অভিযোগ জানাতে [email protected] ই-মেইল ঠিকানা ব্যবহার করতে বলা হয়েছে। একই সঙ্গে ভিসাসংক্রান্ত প্রতারণা থেকে নিজেকে ও অন্যদের সুরক্ষিত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।