আইকোনিক ফোকাস ডেস্কঃ হাসপাতালের শয্যা থেকে সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতু। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
এসময় মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান তারেক রহমান।এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।
সেখানে আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন মিতু, যিনি চব্বিশের জুলাই যুদ্ধে আহত হয়ে এখনও চিকিৎসাধীন। তারপরও হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন মিতু। প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই আন্তরিক সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।