আইকোনিক ফোকাস ডেস্কঃ নেত্রকোনার পূর্বধলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়াশরুম ও কমনরুম সংস্কার এবং বিশুদ্ধ পানীয় জলের সুবিধা সম্প্রসারণের উদ্যোগও বাস্তবায়ন করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) পূর্বধলা সরকারি কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত স্যানিটারি ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন সংসদ সদস্য মানসুরা আলম। একই সঙ্গে সংসদ সদস্য তার উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেন।
উদ্বোধনের আগে সংসদ সদস্য পূর্বধলা সরকারি কলেজ ও জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তার উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ ঘুরে দেখেন।
ছাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর ওয়াশরুম আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কার এবং কমনরুমের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে।
এদিকে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সুবিধা বাড়াতে তিনটি আধুনিক ওয়াটার ফিল্টারও স্থাপন করা হয়েছে।