আইকোনিক ফোকাস ডেস্কঃ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (বিসিএসপিএস) ভবনের স্মারক ফলক উন্মোচন করেছেন। সোমবার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারে এর উদ্বোধন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।আইএসপিআর জানায়, এ সময় বিমান বাহিনী প্রধান নব উন্মোচিত বিসিএসপিএস ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে, ভবনের দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বিসিএসপিএস ভবনের আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিসিএসপিএস আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিমান বাহিনী প্রধান এ ভবন উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির গবেষণা, শিক্ষা ও নীতিনির্ধারণ-সহায়ক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, এয়ার অধিনায়ক আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার এর এয়ার অধিনায়কসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।