চিরনিদ্রায় শায়িত টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফা

আইকোনিক ফোকাস ডেস্কঃ টেকনাফে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু হুজাইফা সুলতানা আফনানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকায় তার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। হুজাইফা আফনান স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে হুজাইফার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

এ বছরের ১১ জানুয়ারি সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘর্ষের সময় দেশটি থেকে ছোড়া একটি গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। সেইদিন সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে ভর্তি করা হয়।

চিকিৎসকেরা জানান, গুলিটি তার মস্তিষ্কে প্রবেশ করেছে। উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে আনা হলে সেখানে ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সে মারা যায়।

Leave a Reply

Translate »