আইকোনিক ফোকাস ডেস্কঃ রাত পোহালেই কি চার হাত এক হতে চলেছে দক্ষিণী তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা। দাবি করা হচ্ছে, আগামীকাল ২ ফেব্রুয়ারি উদয়পুরে নাকি বিয়ে করছেন জনপ্রিয় এই তারকা জুটি।
ভিডিওটি শেয়ার করেছেন তানিয়া নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যিনি বর্তমানে রাজস্থানের উদয়পুরে ভ্রমণ করছেন। ভিডিওতে দেখা যায়, একটি রাজবাড়িতে ঝাড়বাতি, ফুলের তোড়া ও আলোর সাজে জাঁকজমকভাবে তৈরি করা হচ্ছে বিয়ের আসর।
সেখান থেকেই শুরু হয় গুঞ্জন—এই আয়োজন নাকি রাশমিকা ও বিজয়ের বিয়ের জন্যই।ভিডিওতে ইনফ্লুয়েন্সারকে বলতে শোনা যায়, ‘আমরা উদয়পুরের রাজবাড়িতে রয়েছি। এখানে বিয়ের প্রস্তুতি চলছে। আর আমরা জানতে পেরেছি, ২ ফেব্রুয়ারি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হচ্ছে।
আরও পড়ুন: সামান্থাকে ইন্টার মিয়ামির জার্সি উপহার দিলেন বেকহ্যাম
এই ভিডিও ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত অনুরাগীরা। ‘ডিয়ার কমরেড’ জুটিকে নবদম্পতির সাজে দেখার অপেক্ষায় সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে।
তবে জল্পনায় আপাতত জল ঢেলেছে ঘনিষ্ঠ সূত্র। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া তথ্যে বিজয় ও রাশমিকার এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, ২ ফেব্রুয়ারি বিয়ের খবরটি পুরোপুরি গুজব।
প্রকৃত বিয়ের তারিখ নাকি ২৬ ফেব্রুয়ারি। বিয়ের পর হায়দরাবাদে পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে রাজকীয় প্রীতিভোজেরও আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত অক্টোবরে গোপনে বাগ্দান সেরেছিলেন বিজয়-রাশমিকা। যদিও সেই খবরেও এখনো প্রকাশ্যে মুখ খোলেননি তারা। ফলে বিয়ের তারিখ নিয়ে ধোঁয়াশা কাটছে না।সব জল্পনার অবসান ঘটাতে এখন অনুরাগীদের তাকিয়ে থাকতে হচ্ছে তারকাজুটির আনুষ্ঠানিক ঘোষণার দিকেই।