আইকোনিক ফোকাস ডেস্কঃ আকাশপথে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে অর্থ পরিবহনে এর পরিমাণের কোনো সীমা ও বিধিনিষেধ নেই। পাশাপাশি অর্থ পরিবহনে অনাপত্তিপত্র দেয়াতে কাস্টমস কর্তৃপক্ষেরও কোনো সম্পৃক্ততা থাকে না। মূলত, কাস্টমস কর্তৃপক্ষ অর্থ, স্বর্ণের পাশাপাশি অন্যান্য পণ্য পরিবহনে তখনই যাচাই-বাছাই করে, যখন সেটি আন্তর্জাতিক তথা দেশের বাইরের কোনো ফ্লাইট হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘অভ্যন্তরীণ রুটে এই প্রেক্ষাপটে কাস্টমসের কোনো ভূমিকা নেই। তবুও যেহেতু টাকার পরিমাণ অনেক বেশি ছিল; তাই আমরা সেখানে যোগাযোগ করি কেবলমাত্র জানতে যে, এটি তাদের (কাস্টমস) অবগত ইস্যু কি না।
তিনি মূলত, এদিন সকালে সৈয়দপুরে ৭৪ লাখ টাকাসহ এক জেলা জামায়াত আমিরকে আটকের পর বেশকিছু জায়গায় এটি নিয়ে অপতথ্য ছড়িয়ে পড়ার ইস্যুটিই টেনে আনেন। সামাজিকমাধ্যমসহ কিছু জায়গায় এমন তথ্য প্রচার করা হয় যে, কাস্টমস কর্তৃপক্ষের অনুমতিতেই সেই ব্যক্তি এ অর্থ পরিবহণ করেছেন, যা সঠিক নয়।
তিনি আরও বলেন, যেহেতু কাস্টমস এই ক্ষেত্রে কোনো ভূমিকাই রাখে না, তাই গণমাধ্যমকে তিনি অনুরোধ জানান ‘কাস্টমসের ক্লিয়ারেন্সের প্রেক্ষাপটে এটা ছেড়ে দেয়া হয়েছে’— গণমাধ্যমে যাতে এভাবে অপতথ্য ছড়ানো না হয়। কাস্টমস এক্ষেত্রে কোনো ক্লিয়ারেন্স বা অনাপত্তিপত্র দেয় না।
উল্লেখ্য, বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের সঙ্গে থাকা ব্যাগে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে দলের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে দাবি করা হয় এই অর্থ সেই ব্যক্তির একান্ত নিজের, যা তার ব্যবসার টাকা।